বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও এফডিসিতে জনপ্রিয় খলনায়কদের মধ্যে একজন আশরাফুল হক ডন। পর্দায় বিভিন্ন সময় নানা ধরনের ভয়ংকর খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তবে পর্দায় ভিলেন চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। মসজিদে নিয়মিত আজানও দিতেন বলে জানা যায়।
রোববার (৯ আগস্ট) ঢালিউডের নক্ষত্র নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে সিআইডি। আর গ্রেপ্তার হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার নাম। কেননা, ইন্ডাস্ট্রিতে এ অভিনেতার পরিচয় শুধু একজন খলঅভিনেতা হিসেবে নয়, প্রয়াত নায়ক সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত তিনি।
১৯৭১ সালে বগুড়ায় জন্ম ডনের। দশ ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট। তার বাবা মারা গেলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তার মা। বগুড়া থেকে রাজধানী ঢাকায় আসার পর নির্মার্তা সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচিয় হয় তার। আর তার হাত ধরেই ইন্ডাস্ট্রিতে অভিনয়ের সুযোগ পান ডন।
তার পরিচালনায় ‘লাভ’ সিনেমা অভিষেক হয় ডনের। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর সিনেমাটিতে অভিনয়ের সূত্রেই সালমান শাহর সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় গড়ায় ঘনিষ্ঠ বন্ধুত্বে।
ইন্ডাস্ট্রিতে ডন ছিলেন সালমান শাহর কাছের বন্ধুদের একজন। এ নায়ককে নিয়ে কথা উঠলেই পুরোনো দিনের বিভিন্ন স্মৃতি তুলে ধরতেন ডন। প্রিয় বন্ধুর অকাল মৃত্যুর প্রসঙ্গ উঠলেই আবেগাপ্লুত হতে দেখা যেত তাকে।
ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলয়নায়কের চরিত্রে দেখা গেছে ডনকে। নব্বইয়ের দশকে তার অভিনীত সিনেমা দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘এ জীবন তোমার আমার’, ‘বিক্ষোভ’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘তোমাকে চাই’, ‘ফুলের মতো বউ’, ‘বিয়ের ফুল’, ‘জীবন সংসার’, ‘ভালোবাসা কারে কয়’ ও ‘মহামিলন’ ইত্যাদি।
এদিকে দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ডন। বড়পর্দার বাইরে টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও যুক্ত তিনি। ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন। আবার ‘আর্কাইভ’ নামে একটি ব্যান্ডদলও গড়েছেন।
এস আই/














Discussion about this post