ইরানে পবিত্র রমজান মাসের শেষ দিন শুক্রবার (২০ মার্চ) হবে। ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, চাঁদ দেখার পর্যবেক্ষণের ভিত্তিতে শুক্রবার রমজান মাসের ৩০তম দিন হবে। এরপর থেকে শুরু হবে ঈদুল ফিতরের ছুটি। অর্থাৎ, শনিবার দেশটিতে ঈদের উৎসব উদযাপিত হবে।
একই ঘোষণা দিয়েছেন ইরাকের শিয়া সম্প্রদায়ের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানিও। ইরাক ও ইরান উভয় দেশেই শিয়া মুসলিম সংখ্যাগরিষ্ঠ।
উল্লেখ্য, মোজতবা খামেনি এ মাসেই ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন। ইরান এই সংঘাতকে ‘রমজান যুদ্ধ’ নামে অভিহিত করেছে।
ইরানে রমজানের শেষ দিন ও ঈদের ঘোষণা সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করে। এবারের ঘোষণা অনুসারে দেশটিতে ঈদের দিনও সশস্ত্র বাহিনীগুলো যুদ্ধাবস্থায় থাকবে।
এম এইচ/














Discussion about this post