বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবারই নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব যুক্ত হয়ে আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার দেশের ছয় বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
ভারি বৃষ্টিতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা এবং চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় পাহাড়ধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামীকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া অধিদপ্তর থেকে গত রাতে জানানো হয়, ‘লঘুচাপটি আজ রাতে নিম্নচাপে পরিণত হয়ে সুন্দরবনের পাশ দিয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষার এবং সম্ভাব্য মৌসুমি নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার ও শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।’
১১ জেলায় বন্যার শঙ্কা : পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কা থাকায় দেশের উত্তরে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম, উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।
আগামী দুই দিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ার হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
এস এইচ/














Discussion about this post