কানাডাজুড়ে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়া এবার পরিবেশগত সংকটের পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য সম্পর্কেও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ঘন ধোঁয়ায় উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলের আকাশ ঢেকে যাওয়ায় যুক্তরাষ্ট্রের বায়ুদূষণের জন্য কানাডাকেই দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কানাডার বন ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই দাবানল ভয়াবহ রূপ নিয়েছে এবং এর ধোঁয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়ছে। তার দাবি, এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকরা অত্যন্ত দূষিত ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বাতাসে শ্বাস নিতে বাধ্য হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বর্তমানে কানাডাজুড়ে ৮৯৬টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্রায় ২০০টি অন্টারিও প্রদেশে জ্বলছে। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড জানিয়েছেন, এসব দাবানলের মধ্যে অন্তত ৮১টি এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ট্রাম্প আরও জানান, এ বিষয়ে তিনি শিগগিরই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করবেন। তার ভাষ্য, দাবানলের ধোঁয়ার কারণে যুক্তরাষ্ট্রের যে ক্ষতি হয়েছে, তার আর্থিক মূল্য নির্ধারণ করা কঠিন। তবে সেই ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর বিদ্যমান শুল্কের পাশাপাশি অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই কানাডার সঙ্গে বিভিন্ন ইস্যুতে কঠোর অবস্থান নিয়ে আসছেন ট্রাম্প। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্যনীতি এবং অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে তিনি একাধিকবার কানাডার ওপর চাপ সৃষ্টি করেছেন। এর আগে সীমান্ত নিরাপত্তা জোরদার ও বাণিজ্য নীতিতে পরিবর্তনের দাবিতে শুল্ক বৃদ্ধির হুমকি দেওয়ার পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।
এস আই/














Discussion about this post