চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। মাঠে নামার আগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা শুভকামনা জানিয়েছেন টাইগারদের।
নিজের ফেসবুক পেজে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইলো শুভ কামনা! সাহস এবং দৃঢ়তার সঙ্গে খেলে যাও। শুভ কামনা সব সময়।’
আট বছর পর ফের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন। পাকিস্তানের মাটিতে ফিরেছে ক্রিকেটের বহুল প্রতীক্ষিত এই আসর। ওয়ানডে ফরম্যাটের এই মিনি বিশ্বকাপেই বাংলাদেশ আইসিসি ইভেন্টে নিজেদের সবচেয়ে বড় সাফল্য পেয়েছিল। ২০১৭ সালের আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেমিফাইনালে পৌঁছেছিল টাইগাররা।
সেই আসরে অংশ নেয়া ছয়জন ক্রিকেটার এবারও আছেন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে, যা বাংলাদেশকে এবারের আসরে সবচেয়ে অভিজ্ঞ দলের স্বীকৃতি দিয়েছে। ২০১৭ সালের স্কোয়াডে থাকা মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এবারও দলে রয়েছেন।
প্রসঙ্গত, গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের বেশিরভাগ তারকাই সরব ছিলেন। তবে মাশরাফির নিরব ভূমিকা নিয়ে কম সমালোচনা হয়নি। তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও সবার কাছে পরিচিতি পেয়েছেন ক্রিকেট দিয়েই। এ কারণে তার নিরবতায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ভক্তরা। পরবর্তীতে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান জানিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।
সর্বশেষ বিপিএলেও অংশ নেননি মাশরাফি। এখনো অনেকটা আড়ালেই আছেন নড়াইল এক্সপ্রেস।
এ ইউ/














Discussion about this post