খুলনা জেলার রূপসা উপজেলায় ছেলে জয় ঢালীকে (২৫) হত্যার এক মাস ২০ দিন পর গুলি করে হত্যা করা হয়েছে বাবা আক্তার ঢালীকে (৫৪)। ছেলেকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার জের ধরে সোমবার (৫ অক্টোবর) আক্তার ঢালীকে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
ছেলেকে হত্যার পর বাবাকেও হত্যার ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আক্তার ঢালীর পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। তারা অভিযোগ করতেও ভয় পাচ্ছেন।
এর আগে ২১ সেপ্টেম্বর নিহত আক্তার ঢালী ছেলের হত্যা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি পেয়ে রুপসা থানায় একটি সাধারণ ডায়রিও করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দূর্জনিমহল এলাকায় আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৫) গত ১৫ আগস্ট গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এবার সোমবার (৫ অক্টোবর) তার বাবা আক্তার ঢালীকেও (৫৪) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছেলে হত্যার ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড় সংলগ্ন নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন আক্তার ঢালী। এসময় ৪টি মোটরসাইকেলে ৭-৮ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আক্তার ঢালী পেশায় একজন ঘের ব্যবসায়ী ছিলেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পূর্ব শত্রুতার জেরে কিংবা ছেলে হত্যা মামলার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।
খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, নিহত আক্তার ঢালীর ছেলে জয় ঢালী গত ১৫ আগস্ট হত্যার শিকার হন। আক্তার ঢালীর হত্যার সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
আক্তার ঢালীর দায়ের করা সাধারণ ডায়রির বিষয়ে অবগত করা হলে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
এ ইউ/














Discussion about this post