সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে।
ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর বিভিন্ন অংশে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে দেখা যায়। কোনো অংশে তিনি ফোনে কথা বলছেন, আবার কোনো অংশে ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় বসে থাকতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেলের পরিচালিত ‘ক্রাইম বার্তা’ দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল লেন্স’ তাদের অনুসন্ধানে জানিয়েছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয়। প্রতিষ্ঠানটির দাবি, সিসিটিভি ফুটেজের টাইমস্ট্যাম্প অনুযায়ী ভিডিওটি ২০২৩ সালের ১০ জুলাই ধারণ করা হয়। তবে এটি কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ঘটনার বিষয়ে কথা বলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, ভিডিওটি তাঁদের নজরে এসেছে। এমপি গাজী নজরুল ইসলাম তাঁদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই এ বিয়ে হয়েছে। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
দ্বিতীয় বিয়ে কবে হয়েছে-এমন প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, তিনি সুনির্দিষ্ট তারিখ জানেন না। তবে তাঁদের জানা মতে, বিয়েটি বেশ কিছুদিন আগে হয়েছে।
এস আই/














Discussion about this post