দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় তেজগাঁও হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে তিনি সকাল ৯টা ৪০ মিনিটে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে পৌঁছান।
এ সময় পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে স্বাগত জানান।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, পাবনায় পৌঁছানোর পর পাবনা সার্কিট হাউজে রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর বেলা ১১টায় তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে তাঁর মা-বাবার কবর জিয়ারত করেন।
জিয়ারত শেষে রাষ্ট্রপতি তাঁর নিজ বাসভবনে অবস্থান করবেন এবং নিকট আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর তিনি সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
সফরের শেষ দিন রোববার সকালে সার্কিট হাউজে পুনরায় গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিকপ্টারে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
প্রসঙ্গত, ৫ আগস্ট পরবর্তী সময়ে প্রায় ১৫ মাস পর নিজ জেলায় গেলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। এর আগে আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপতির পাবনা সফর ঘিরে সাজ সাজ রব পড়ে যেতো। ব্যানার, শুভেচ্ছা ফেস্টুন আর তোড়নে ছেয়ে যেতো পুরো এলাকা। কিন্তু এবার তার সফর ঘিরে জেলায় নেই কোনো ধরনের উচ্ছ্বাস। অনেকটা নীরবতা বিরাজ করছে তার সফর ঘিরে।
২০২৩ সালের ২৪ এপ্রিল ২২ তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওই বছরে ১৫ মে পাবনায় প্রথম সফরে যান তিনি। সবমিলিয়ে তিনি চারবার পাবনা সফর করেছেন তিনি। এটি তার পঞ্চম সফর।
এ ইউ/














Discussion about this post