ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। শুক্রবার (১০ জুলাই) দেশটির সরকার জানিয়েছে, ২৪ জুনের ওই ভূমিকম্পে এ পর্যন্ত ৪ হাজার ১১৮ জন নিহত এবং ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। টেলিগ্রামে দেয়া এক পোস্টে এ তথ্য জানান ভেনেজুয়েলার পার্লামেন্ট প্রধান হোর্হে রদ্রিগেজ।
২৪ জুন মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শত বছরের মধ্যে এটিই ছিল দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যের বহু বহুতল ভবন ধসে পড়ে এবং বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।
তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, সরকারি উদ্ধারকারী দল জীবিতদের খোঁজে অভিযান শেষ করলেও নিখোঁজ স্বজনদের মরদেহ উদ্ধারের আশায় অনেক পরিবার এখনও ধ্বংসস্তূপে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
এদিকে শুক্রবার রাজধানী কারাকাসে রিখটার স্কেলে ৩ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবন খালি করে দেয়া হয়।
দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় সেবাব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় পুনরুদ্ধার কার্যক্রম বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ পরিস্থিতিতে গত বুধবার জাতিসংঘ প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার জরুরি সহায়তার ঘোষণা দিয়েছে। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়ের (ইউএনডিআরআর) হিসাব অনুযায়ী, ভূমিকম্পে আবাসন ও অবকাঠামোর প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ বিলিয়ন মার্কিন ডলার।
এ ইউ/














Discussion about this post