প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে রোববার (১২ জুলাই)। ওইদিন দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের কথা ছিল। এ লক্ষে বুধবার (৮ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রস্তুতও করা হয়। পরবর্তীতে প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেয়া হয়। সেই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার আগে যেন ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করা না হয় সে জন্য তাকে নির্দেশনা দেয়া হয়।
তবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের আগেই বৃহস্পতিবার সকাল ১০টায় ওয়েব পোর্টালে ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকগুলোয় আপলোড করা হয়। যেখান থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। বিষয়টি প্রকাশ্যে আসলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে শুক্রবার (১০ জুলাই) এ ঘটনায় সংশ্লিষ্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে বরখাস্ত করা হয়। সবশেষ শনিবার আনুষ্ঠানিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশের তারিখ জানাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ৩ বছর বন্ধ থাকার পর ২০২৫ সালে আবারও বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ১৪ এপ্রিল থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হবে। এরমধ্যে ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি দেয়া হবে ৩৩ হাজার শিক্ষার্থীকে। আর সাধারণ বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী। যেখানে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা এককালীন ২২৫ টাকা ও মাসিক ২২৫ টাকা পাবেন।
এ ইউ/














Discussion about this post