সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরায় নেওয়া হচ্ছে। তবে মরদেহ পরিবহনের অ্যাম্বুলেন্স ভাড়া জোগাড় করতে পরিবারকে ১৭ হাজার টাকা ধার করতে হয়েছে বলে জানিয়েছেন মরিয়মের ফুফা সিকান্দার। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে তিনি এসব তথ্য জানান।
সিকান্দার বলেন, মরিয়মের মরদেহ সাতক্ষীরায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ভাড়া বাবদ প্রায় ১৭ হাজার টাকা প্রয়োজন হয়েছে। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় ওই টাকা ধার করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, পরিবারের এমন সংকটের সময়ও এমপি পরিবারের পক্ষ থেকে কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি বা খোঁজ নেননি।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলায় এমপির নামে বরাদ্দ করা ২০৩ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।
রোববার বিকেলে খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাটে যায়। পরে রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মরিয়মের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত করছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ইউ/














Discussion about this post