কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো দ্রুত ও কার্যকরভাবে করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অপ্রতিম হত্যার ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে বলেও জানান তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় আলামত পাওয়া গেছে এবং আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি করানোর বিষয়ে কাজ চলছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কুমিল্লার ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় দেশবাসীও মর্মাহত। মাত্র ১২ ঘণ্টার মধ্যে ঘটনায় জড়িতদের গ্রেফতার করায় তিনি পুলিশের প্রশংসা করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসা হত্যাকাণ্ডের বিচারের মতো অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারেও সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’ কোনো জঘন্য অপরাধ সংঘটিত হলে দ্রুত তা উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকারের কাছে অনুরোধ পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দেশটির সরকার বিষয়টি আমলে নেবে।
রাজধানীর তেজগাঁওয়ে গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ‘ইত্তেহাদুল উলমা’ নামে একটি সংগঠন করতে চেয়েছিল। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে তারা চরমপন্থার পথে যেতে চেয়েছিল বলেও দাবি করেন তিনি। সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রিমান্ড পাওয়া গেলে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ের ‘ফ্যাসিস্ট’দের কথিত অপতৎপরতা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের তৎপরতায় সরকার শঙ্কিত নয়। তারা ডিসেম্বর বা ফেব্রুয়ারিতে দেশে ফিরবে- এ ধরনের বক্তব্য নিয়েও সরকারের মনোযোগ নেই।
এ ইউ/














Discussion about this post