রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশেপাশের অঞ্চলে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত দুজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
আজ রোববার বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হামলার কারণে পুরো অঞ্চলজুড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাশিয়ার রাজধানী এযাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলার শিকার হয়েছে। শনিবার থেকে এ পর্যন্ত ১৬০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে ধেয়ে আসা ৪৫০টি ড্রোনও রয়েছে।
তিনি জানান, কয়েকটি ড্রোন মস্কো তেল শোধনাগারে আঘাত হেনে স্থাপনাটির ক্ষতি করেছে এবং একটি ড্রোন আবাসিক ভবনে আঘাত হানলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোবিয়ানিন টেলিগ্রামে লিখেছেন, ‘নির্বাচন ব্যাহত করার লক্ষ্যেই স্পষ্টত এই নজিরবিহীন হামলাটি পরিকল্পিত হয়েছিল। তবে প্রতিপক্ষ সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।’
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ রুশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’-এ জানিয়েছেন, এই হামলায় বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং পুরো অঞ্চলজুড়ে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তিনি জানান, সবচেয়ে গুরুতর পরিস্থিতি দেখা দিয়েছে রামেনস্কি জেলায়, সেখানে একটি ড্রোন পড়ে ২১ তলা বিশিষ্ট একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদে আগুন ধরে যায়। পরে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয় ৪০০ বাসিন্দাকে। এছাড়া ২০টি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, সোফাইনো এলাকায় একটি ড্রোন তিনতলা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত হানলে একজন নিহত ও পাঁচজন আহত হন। এছাড়া ওরেখোভো-জুয়েভো জেলায় একজন নিহত এবং লেনিনস্কি জেলায় একজন আহত হয়েছেন।
তিন দিনব্যাপী সংসদীয় নির্বাচনের শেষ দিনে যখন রুশ নাগরিকরা ভোট দিচ্ছেন- ঠিক তখনই এই হামলার ঘটনাটি ঘটল। একই সাথে আঞ্চলিক ও স্থানীয় নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে।
এ ইউ/














Discussion about this post