সাফল্যের ধারা অব্যাহত রেখে ৩৩ বসন্ত পেরিয়ে ৩৪তম বসন্তে পা রাখছে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার (১৪ ফেব্রুয়ারি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে শাবিপ্রবি।
জানা গেছে, সিলেট শহরের ৫ কিলোমিটার দূরে আখালিয়ায় ৩২০ একর ভূমিতে ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) মাত্র ৩টি বিভাগ, ১৩ শিক্ষক ও ২০৫ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়টি। ১৯৯১ সালে একাডেমিক কার্যক্রম শুরু করার পর থেকে ইংরেজি ১৩ ফেব্রুয়ারি এবং বাংলা পহেলা ফাল্গুন বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হতো। কিন্তু বর্ষপঞ্জির নতুন নিয়মে পহেলা ফাল্গুন ১৩ ফেব্রুয়ারির পরিবর্তে ১৪ ফেব্রুয়ারি হওয়ায় বিগত পাঁচ বছর ধরে এই দিনে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হচ্ছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের অধীনে ২৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউট রয়েছে। যেখানে ১০ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১১টি কলেজ রয়েছে।
শাবিপ্রবি দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম ও পুরো ক্যাম্পাসে ওয়াইফাই নেটওয়ার্কসহ আরও বেশকিছু ক্ষেত্রে সফলতা দেখাতে সক্ষম হয়। বিভিন্ন সময় শাবিপ্রবি দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে তালিকাভুক্ত হয়েছে এবং গবেষণা ক্ষেত্রে অর্জন করেছে দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার। এই পথ চলায় দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অর্জনের পাল্লাটা একটু বেশিই রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটির।
এ দিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ সকাল ১০টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরবর্তীতে কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও সর্বশেষ মুক্তমঞ্চে কেক কাটার মাধ্যমে কর্মসূচির সমাপ্ত হবে।
এফএস/














Discussion about this post