মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে কুয়েতের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার। ‘এমটি আল দাসমা’ নামের জাহাজটিতে ২১ জন ভারতীয় নাবিকসহ অন্যান্য ক্রু ছিলেন। হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে গেলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন নাবিকেরা। জাহাজে থাকা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ভারত সরকার।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, বুধবার (২১ অক্টোবর) হরমুজ প্রণালি অতিক্রমের সময় ট্যাংকারটিতে একটি ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে। ওমানের বুখা উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল পশ্চিমে এ ঘটনা ঘটে। তবে হামলায় ক্ষেপণাস্ত্র নাকি ড্রোন ব্যবহার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানিয়েছেন, জাহাজে থাকা ২১ জন ভারতীয় নাবিকসহ সব ক্রু নিরাপদে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।
ঘটনার পর ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ইউকেএমটিও জানিয়েছে, হামলার পর জাহাজটি নোঙর করা অবস্থায় রয়েছে। এ ঘটনায় সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ হামলার কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত করছে।
এদিকে, হরমুজ প্রণালি ও এর আশপাশের জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বাড়ছে। সামুদ্রিক সংবাদমাধ্যম সিট্রেড মেরিটাইমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ অক্টোবর ইরাকের আল ফাও বন্দরের দক্ষিণ-পূর্বে ‘সোইয়া’ নামের আরেকটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ওই জাহাজের নাবিকেরাও নিরাপদ ছিলেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এস আই/














Discussion about this post