ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশে একটি বাড়িতে সৌদি আরবের বিমান হামলায় একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) হারাদ জেলার উম্ম আল-দাহি গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আল-মাসিরাহ টেলিভিশন।
হামলায় ধ্বংস হওয়া আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের চার শিশু রয়েছে। শিশুদের বয়স তিন থেকে আট বছরের মধ্যে। পরিবারের ছয় বছর বয়সী আরও এক কন্যাশিশু গুরুতর আহত অবস্থায় বেঁচে গেছে।
কৌশলগত অবস্থানের কারণে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় যোগাযোগপথের পাশে অবস্থিত হাজ্জাহ প্রদেশে এর আগেও একাধিকবার বিমান হামলা হয়েছে।
ইয়েমেনের জনস্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. আনিস আল-আসবাহি জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়িজ প্রদেশের সালা জেলায় সৌদি যুদ্ধবিমানের হামলায় এক শিশুসহ তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।
এদিকে উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশের পূর্বাঞ্চলে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থানে হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী। এতে কয়েক ডজন যোদ্ধা নিহত এবং কয়েকটি সামরিক যান আগুনে পুড়ে যায় বলে দাবি করা হয়েছে।
মারিব প্রদেশের রাঘওয়ান জেলাতেও সৌদি-সমর্থিত বাহিনীর অস্থায়ী শিবির লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে তায়িজের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান পরিচালনার কথাও জানিয়েছে ইয়েমেনি বাহিনী।
২০১৫ সালের মার্চে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে সামরিক অভিযান ও অবরোধ শুরু করে। দীর্ঘ সংঘাতে দেশটিতে বহু মানুষ নিহত হয়েছেন।
সূত্র: প্রেসটিভি
এস আই/














Discussion about this post