যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে বিমানভাড়া বেড়ে যাওয়ায় ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন অনেক মানুষ। সাধারণত বছরের ব্যস্ততম ভ্রমণসময়ের একটি এই ছুটিতে এবার বিমানযাত্রার বুকিং কমেছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সিবিএস নিউজ এমনটাই জানিয়েছে।
বিমান চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে থ্যাংকসগিভিং ছুটির বিমানভাড়া গড়ে ৩১ শতাংশ বেশি ছিল। এর প্রভাবে ছুটির সময়ের জন্য বিমানযাত্রার বুকিং কমেছে ১ দশমিক ৬ শতাংশ।
কিছু গন্তব্যে বুকিং কমেছে আরও বেশি। নিউয়ার্কে ২৪ দশমিক ৬ শতাংশ, সিয়াটলে ১৫ দশমিক ৩ শতাংশ, মায়ামিতে ১৩ দশমিক ২ শতাংশ, ডালাসে ১২ দশমিক ৬ শতাংশ, ডেনভারে ১১ দশমিক ৬ শতাংশ এবং সান ফ্রান্সিসকোতে ১১ দশমিক ৭ শতাংশ বুকিং কমেছে।
ইরানকে ঘিরে যুদ্ধের কারণে উড়োজাহাজের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয়ও বাড়ছে। এ ব্যয় সামাল দিতে ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রীদের ওপর অতিরিক্ত মাশুল আরোপ এবং কিছু পথে ফ্লাইট কমিয়েছে সংস্থাগুলো।
বিমান সংস্থাগুলোর আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত কমে এলেও জ্বালানির ব্যয় গত বছরের একই সময়ের তুলনায় বেশি থাকায় বিমানভাড়া কিছুদিন চড়া থাকতে পারে। ইউনাইটেড এয়ারলাইনসের প্রধান নির্বাহী স্কট কিরবি বলেছেন, উড়োজাহাজ পরিচালনা এখন বেশ ব্যয়বহুল হয়ে উঠেছে।
জ্বালানির পাশাপাশি পাইলট ও বিমানকর্মীদের বেতনও বেড়েছে। নতুন শ্রমচুক্তির কারণে কর্মীদের বেতন-সংক্রান্ত ব্যয় বৃদ্ধির সঙ্গে জ্বালানির খরচ যোগ হয়ে বিমান সংস্থাগুলোর ওপর চাপ বাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রে এ বছর থ্যাংকসগিভিং পালিত হবে ২৬ নভেম্বর।
সূত্র: সিবিএস নিউজ
এস আই/














Discussion about this post