ইসরাইলের একটি সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় অধিকৃত অঞ্চলের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। এতে স্থানীয় বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার (১৭ মে) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে অধিকৃত আল-কুদসের পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। ইসরাইলি সেনাবাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নে কাজ করা টোমের নামের একটি প্রতিষ্ঠান পরে এক বিবৃতিতে দাবি করে, এটি পূর্বনির্ধারিত একটি পরীক্ষা ছিল এবং পরিকল্পনা অনুযায়ীই পরিচালিত হয়েছে।
কান নিউজে প্রচারিত ওই বিবৃতিতে ঘটনাটিকে স্বাভাবিক পরীক্ষা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভিন্ন দৃশ্য দেখা যায়। ভিডিওগুলোতে বিশাল বিস্ফোরণের পর আকাশজুড়ে মাশরুম আকৃতির ধোঁয়ার কুণ্ডলী তৈরি হতে দেখা যায়, যা অনেক দূর থেকেও স্পষ্ট ছিল। পুরো ঘটনাটি বড় ধরনের সামরিক দুর্ঘটনার মতো বলে মন্তব্য করছেন অনেকে।
এ বিস্ফোরণের পর ইসরাইলের সামরিক ও প্রতিরক্ষা অবকাঠামোর নিরাপত্তা ও অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে চলমান আঞ্চলিক উত্তেজনা ও সামরিক চাপের প্রেক্ষাপটে এমন ঘটনা তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রপালশন প্রযুক্তি নিয়ে কাজ করা এসব স্থাপনা সাধারণত কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে পরিচালিত হয়। ঘটনার পর দীর্ঘ সময় ইসরাইলি সেনাবাহিনী ও পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও পরে টোমের কোম্পানি বিবৃতি দিয়ে বিষয়টি ‘পরিকল্পিত পরীক্ষা’ বলে দাবি করে।
সোর্স: প্রেস টিভি
এম এইচ/














Discussion about this post