তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহিদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব বলে মন্তব্য করেছেন শহিদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সোমবার (১০ নভেম্বর) বিকেলে নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ১৭ বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করেছে। এতে বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আন্দোলনের সময় আমরা আপোষ করিনি। গণভবনে নিয়ে আপোষ করার জন্য চেষ্টা করা হয়েছে। বাধ্য হয়ে তখন আমাদের আত্মগোপনে থাকতে হয়েছে। বেগম জিয়া যেমন সন্তানের লাশ ধরে নীরবে দাঁড়িয়ে ছিল আমার মাও সেভাবেই মুগ্ধর লাশ নিয়ে দাঁড়িয়ে ছিল। জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজার মানুষ জান দিয়েছে। চিরতরে ফ্যাসিস্টের পতনের মধ্য দিয়ে এসব হত্যার বদলা নিতে হবে।
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বেই শহিদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। জিয়াউর রহমানের আদর্শ সকল বিএনপি নেতাকর্মীদের লালন করতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বেগম জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনতে হবে। এ সময় ‘নবীন প্রবীণ বাঁধো জোট, ধানের শীষে দিবো ভোট’ শ্লোগান দিয়ে তার বক্তব্য শেষ করেন তিনি।
সভায় নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এম এইচ/














Discussion about this post