রাজধানীর আজিমপুরে থামিয়ে রাখা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টাকালে আমিনুল ইসলাম শাওন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পরিবহন শ্রমিক ও স্থানীয়রা। পরে তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে আজিমপুর মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের [মেটারনিটি হাসপাতাল] সামনের ওভারব্রিজের নিচ থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি বলেন, ‘রাত আনুমানিক সোয়া ২টার দিকে আজিমপুর মেটারনিটি হাসপাতালের সামনের ওভারব্রিজের নিচে রাখা ভিআইপি নামের একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা করে আমিনুল ইসলাম শাওন। তখন বাসের স্টাফ ও স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করে মারধর করে।’
তিনি বলেন, ‘পরে লালবাগ থানা পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছালে তাদের কাছে ওই দুর্বৃত্তকে হস্তান্তর করা হয়।’
তিনি আরও বলেন, ‘উত্তেজিত জনতার মারধরে শাওনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’
এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এডিসি নিয়াজ মেহেদী।
এ ইউ/














Discussion about this post